জাতীয়

নিজে গাড়ি চালিয়ে রাতে ঢাকার পরিচ্ছন্নতা পরিদর্শনে প্রধানমন্ত্রী

৩১ জুলাই ২০২৬
নিজে গাড়ি চালিয়ে রাতে ঢাকার পরিচ্ছন্নতা পরিদর্শনে প্রধানমন্ত্রী
দিনভর কাজের পর বৃহস্পতিবার রাতে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে দিনভর দাপ্তরিক কাজ শেষে বৃহস্পতিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে বের হন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালান এবং তাঁর পাশের আসনে বসা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। প্রথমে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন প্রধানমন্ত্রী। এ সময় গাড়িতে বসেই উত্তর সিটির প্রশাসককে শহর পরিষ্কারের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

পরবর্তী সময়ে তিনি সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী এবং বনানী চেয়ারম্যান বাড়ি হয়ে বনানী এলাকা ঘুরে দেখেন। এরপর গাড়ি চালিয়ে গুলশানের নিজ বাসভবনে ফিরে যান। প্রধানমন্ত্রীর এই সফরকালে তাঁর গাড়ি বহরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রীতারেক রহমানঢাকা উত্তর সিটিপরিচ্ছন্নতা অভিযানফার্মগেট