নবনির্বাচিত রাষ্ট্রপতি আলমগীরকে অভিনন্দন অ্যাটর্নি জেনারেলের

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
অ্যাটর্নি জেনারেল জানান, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আলমগীরের নির্বাচন দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বিশ্বাস করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দেশপ্রেম তাকে এই মহান দায়িত্ব পালনে সহায়তা করবে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, রাষ্ট্রপতির নেতৃত্বে সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার আরও সুদৃঢ় হবে। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাষ্ট্রের কল্যাণে তার দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।