জাতীয়

নদীভাঙন রোধে ব্লক বাদ দিয়ে বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬ আগস্ট ২০২৬
নদীভাঙন রোধে ব্লক বাদ দিয়ে বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
নদীভাঙন রোধ ও টেকসই পরিবেশ সুরক্ষায় কংক্রিটের ব্লকের পরিবর্তে বিন্না ঘাস ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নদী ও খালের পাড় ভাঙন প্রতিরোধ, উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ সুরক্ষা এবং সড়ক ও রেললাইনের নিরাপত্তার সুবিধার্থে কংক্রিট ও জিও ব্লকের বদলে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি এ সংক্রান্ত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও সহ-উপাচার্য ড. মুহাম্মদ শরিফুল ইসলাম নদীভাঙন ঠেকাতে বিন্না ঘাসের কার্যকারিতা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, চরাঞ্চল, হাওর, সড়ক ও রেলপথ রক্ষায় কংক্রিট ব্লকের একটি টেকসই বিকল্প হতে পারে এই ঘাস। দেশের কয়েকটি স্থানে ইতিমধ্যে এর পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এখন বড় পরিসরে প্রকল্প গ্রহণের ব্যাপারে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পরিবেশ সুরক্ষায় এমন নতুন ধারণার প্রশংসা করে প্রধানমন্ত্রী সরকারি সংস্থাগুলোকে দ্রুত কাজে নামার আহ্বান জানান। এই নীতিনির্ধারণী সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ. বি. এম. আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

বিন্না ঘাসনদীভাঙনপ্রধানমন্ত্রীতারেক রহমানপরিবেশ