জাতীয়

নতুন সভ্যতার মূল চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী

১২ আগস্ট ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ সমাজকে আধুনিক জ্ঞানে দক্ষ করে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

দ্রুত গতিতে পরিবর্তন হওয়া আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে তরুণদের নতুন সভ্যতার মূল চালিকা শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করেন, পুরোনো দিনের অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞান দিয়ে প্রযুক্তির এই নিত্যনতুন চ্যালেঞ্জ সামাল দেওয়া কঠিন। ফলে তরুণ সমাজের হাতে যুগোপযোগী দক্ষতা তুলে দেওয়া বিশ্বের প্রতিটি রাষ্ট্রের অপরিহার্য কর্তব্য।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বুধবার ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। ‘২০২৬-ডিফারেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথি, কূটনৈতিক এবং তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য অপার সম্ভাবনা বয়ে আনলেও এর সঙ্গে অজানা নানা সংকটও তৈরি হচ্ছে। প্রথাগত কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন কিংবা খাদ্যনিরাপত্তার পাশাপাশি নতুন এই প্রযুক্তিগত জটিলতা মোকাবিলায় জাতিসংঘসহ বিশ্ব সংস্থাসমূহকে যুবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে বাড়তি জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার যুব সমাজের সক্ষমতার ওপর গভীর আস্থা রাখে। পরিবেশ রক্ষা, ক্রীড়াক্ষেত্রের বিস্তার ও উদ্ভাবনী কর্মকাণ্ডে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তথ্যমন্ত্রীকৃত্রিম বুদ্ধিমত্তাআন্তর্জাতিক যুব দিবসতরুণ সমাজ