নওগাঁর সড়ক নির্মাণে ৫০ মিটার বাদ, নাম পরিবর্তনের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। মিঠাপুর পুরাতন হাটখোলা থেকে উজালপুর গ্রাম পর্যন্ত ৫৫০ মিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণের প্রকল্পটি ২০২৬ সালে গেজেটভুক্ত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫৯ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকা।
স্থানীয়দের অভিযোগ, নকশায় পুরো ৫৫০ মিটার সড়ক থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ কাঁচা রাখা হচ্ছে। এছাড়া সরকারি নথিতে সড়কের শেষ প্রান্তের নাম ‘জগপাড়া’ উল্লেখ করা হয়েছে, যদিও ওই এলাকায় এমন কোনো গ্রাম নেই। প্রকৃত নাম হলো ‘উজালপুর’। গ্রামবাসী প্রণব মণ্ডল জানান, বৃষ্টিতে কাঁচা অংশে কাদা জমে যান চলাচলে সমস্যা হবে।
কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জিল্লুর রহমান মারুফ জানান, টেন্ডারে এই অংশটি বাদ ছিল এবং একজন ব্যক্তির জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের কারণে কাজে বিলম্ব হচ্ছে। এলজিইডির সহকারী প্রকৌশলী মো. শাহারিয়ার জানান, বাদ পড়া অংশটি ভবিষ্যতে অন্য প্রকল্পের মাধ্যমে করা যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন নওগাঁ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মুনসুর আলী।