জাতীয়

নওগাঁয় খালে গোসলে নেমে স্বামী তলিয়ে গেলেন, বাঁচাতে গিয়ে স্ত্রীও নিখোঁজ

২৬ জুলাই ২০২৬
নওগাঁর বদলগাছীতে খালে গোসল করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে পানিতে লাফিয়ে পড়েন স্ত্রী, পরে উদ্ধারের পর হাসপাতালে মৃত ঘোষণা করা হয় তাদের।

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে খালের পানিতে ডুবে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) ও তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। ছয় মাস আগে তাদের বিয়ে হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার বেলা একটার দিকে গ্রামের পাশ দিয়ে যাওয়া একটি খালে গোসল করতে নামেন তিনি। এ সময় তীরে দাঁড়িয়ে ছিলেন সুমাইয়া। হঠাৎ নূর ইসলাম পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে খালে লাফিয়ে পড়েন সুমাইয়া, যার ফলে তিনিও নিখোঁজ হন।

স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়। তাদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কর্মকর্তা কাজী তাহরিমা আক্তার জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁডুবে মৃত্যুদম্পতিবদলগাছীখাল