আন্তর্জাতিক

ধর্ষণ মামলায় বেকসুর খালাস বাতিল, দোষী সাব্যস্ত সম্পাদক তরুণ তেজপাল

৬ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় বেকসুর খালাস বাতিল, দোষী সাব্যস্ত সম্পাদক তরুণ তেজপাল
সাবেক সহকর্মীকে ধর্ষণের মামলায় ভারতের খ্যাতনামা সাংবাদিক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন বোম্বে হাইকোর্ট।

সাবেক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সাময়িকী তহলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করেছেন বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। এর মাধ্যমে ২০২১ সালে নিম্ন আদালতের দেওয়া তার খালাসের রায় বাতিল ঘোষণা করা হলো।

আইনি ওয়েবসাইট লাইভল-এর তথ্য অনুযায়ী, পদমর্যাদা ও বিশ্বাসের অপব্যবহার করে ধর্ষণের ধারাসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক অনুচ্ছেদে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর ফলে তেজপালের সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

২০১৩ সালের নভেম্বরে গোয়ায় তহলকার একটি হাই-প্রোফাইল সম্মেলন চলাকালে লিফটে এক তরুণী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তেজপালের বিরুদ্ধে। তখন থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন এবং ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন। এর আগে ২০১৩ সালে গ্রেপ্তারের পর সাত মাস কারাগারে ছিলেন তিনি, পরে সুপ্রিম কোর্ট তাকে জামিন দেন।

২০২১ সালে গোয়ার একটি নিম্ন আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছিল। তবে সেই রায়ে ভুক্তভোগীর আচরণ নিয়ে বিচারকের কিছু মন্তব্যের কারণে তীব্র সমালোচনা তৈরি হয়। পরবর্তীতে গোয়া সরকার হাইকোর্টে আপিল করে। ৬২ বছর বয়সী তেজপাল জানিয়েছেন, তিনি এই নতুন রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করবেন।

তরুণ তেজপালভারততহলকাআদালত