অর্থনীতি

দেশের বাজারে ভরিতে ২,১৫৮ টাকা বাড়ল সোনার দাম

১৫ আগস্ট ২০২৬
দেশের বাজারে ভরিতে ২,১৫৮ টাকা বাড়ল সোনার দাম
স্থানীয় বাজারে তেজাবী সোনার দর বাড়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ২,১৫৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দর বৃদ্ধির কারণে দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটি এক বৈঠক শেষে দর সংশোধনের এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সার্বিক তথ্য জানানো হয়। এর আগে ১৪ আগস্ট ২২ ক্যারেটের সোনার দাম সমপরিমাণ কমানো হয়েছিল, যা পরদিনই আবার বাড়ানো হলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ভরিপ্রতি ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার বাজারদর অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকাই বহাল রয়েছে।

সোনার দামবাজুসঅর্থনীতিসোনার গহনা