দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম, ভরিতে বাড়ল ২,২১৬ টাকা

স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে তিন দিনের মাথায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২,২১৬ টাকা বাড়ানো হয়েছে।
দেশের স্থানীয় বাজারে সোনা ও রুপার দাম আরেক দফা বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের প্রতি ভরি সোনার মূল্য ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্য পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে এই ধাতুর দর নতুন করে সমন্বয় করা হয়েছে।
এর আগে গত শুক্রবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। তবে তিন দিনের ব্যবধানেই দেশের বাজারে খাঁটি সোনার দর বাড়ায় ফের বাড়ানো হলো সোনা ও রুপার দাম।