দারিদ্র্য সত্ত্বেও ডাক্তার হওয়ার স্বপ্ন, গরিবদের বিনামূল্যে চিকিৎসার লক্ষ্য

নওগাঁ জেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী মুশফিকা খাতুন। দারিদ্র্যের কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে একজন আদর্শবান ডাক্তার হয়ে নিজ এলাকার দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়াই তার মূল লক্ষ্য।
২০২২ সালে পঞ্চম শ্রেণি পাস করার পর মুশফিকা আলোর পাঠশালায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। বর্তমানে সে দশম শ্রেণীর একজন নিয়মিত ও কৃতী শিক্ষার্থী। কামদেবপুর গ্রামের কৃষক মো: আল মামুন হক ও গৃহিণী মোসাঃ আয়েশা খাতুনের তিন সন্তানের মধ্যে মুশফিকা দ্বিতীয়। পরিবারের সামান্য জমির স্বল্প আয়ে সংসার চালানোই কঠিন হলেও, মেয়ের শিক্ষার প্রতি আগ্রহে বাবা-মা সব কষ্ট সহ্য করে চলেছেন।
মুশফিকার বাবা জানান, গত তিন বছরে তার মেয়ে একদিনও স্কুলে অনুপস্থিত ছিল না। এই শতভাগ উপস্থিতি তার পড়াশোনার প্রতি অনুরাগের প্রমাণ। তিনি বলেন, যত কষ্টই হোক না কেন, সন্তানের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে মুশফিকা। সে বলে, গ্রামের অনেক গরিব মানুষকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখে সে এই পেশা বেছে নিয়েছে। পড়াশোনা শেষ করে সে আদর্শবান ডাক্তার হয়ে এলাকার দুস্থদের সেবা করতে চায়। এই অগ্রযাত্রায় আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ ও প্রথম আলো ট্রাস্টের প্রতি সে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।