দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন, জলবায়ু সংকটের কঠোর হুঁশিয়ারি

ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া তীব্র দাবানলে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল ফ্রান্সেই প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং প্রতিবেশী স্পেনে চলতি সপ্তাহে ১ লাখ ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, পুরো আইবেরীয় উপদ্বীপ চরম জলবায়ু সংকটের ভয়াবহ প্রভাবের মুখোমুখি দাঁড়িয়ে আছে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গিরোন্দে তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। অঞ্চলটিতে ছড়িয়ে পড়া আগুন ইতোমধ্যে প্যারিস শহরের চার গুণ বড় এলাকা গ্রাস করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে দেশটিতে নতুন করে তাপদাহ শুরু হতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর শঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে প্রায় ২,৫০০ অগ্নিনির্বাপক কর্মী, ১,৫০০ সেনাসদস্য এবং ১,২০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। গত বুধবার থেকে শুরু করে সেখানে আগুন নেভাতে গিয়ে অন্তত ৮৪ জন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন।
ফরাসি অগ্নিনির্বাপক দল জানিয়েছে, সেখানে 'পাইরোকিউমুলোনিমবাস' বা আগুনের তাপে সৃষ্ট বিশেষ বজ্রমেঘ তৈরি হয়েছে, যা নিজস্ব বাতাস ও ঘূর্ণিপাক তৈরি করে দাবানলকে অনিয়ন্ত্রিত করে তুলছে। ফ্রান্সে এমন ঘটনা এটিই প্রথম। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিরোন্দে বনের ভেতরে ধূমপান ও বারবিকিউ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, স্পেনের মাদ্রিদের পশ্চিমাঞ্চলের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সানচেজ সতর্ক করে বলেছেন, সামনে তাদের আরও কঠিন সময় অতিক্রম করতে হবে।