দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি ১৫ লাখ টাকার অনুদান দিলেন মেসি

মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা, সহায়তা দিয়েছেন। মঙ্গলবার মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
আয়ুসো মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, মাদ্রিদবাসী শীঘ্রই তাঁকে স্বাগত জানাতে এবং তাঁর প্রাপ্য অভিনন্দন জানাতে উৎসুক। সাম্প্রতিক এই দাবানলে সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ১৭টি পৌরসভার প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাদ্রিদ কমিউনিটি একটি অনলাইন অনুদান পোর্টাল চালু করেছে, যেখানে ব্যাংক ট্রান্সফারসহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে।
শুধু অনুদান তোলার পাশাপাশি পুনর্গঠনে ৪৩ দফা পরিকল্পনাও ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এর আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরাসরি সহায়তা প্রদান, করছাড় এবং অবকাঠামো খাতে প্রায় ২ কোটি ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলার মাঠের বাইরে সামাজিক ও দাতব্যকাজে মেসির সম্পৃক্ততা নতুন কিছু নয়। নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে শিশুস্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রেখে চলেছেন তিনি। এর আগে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির শুরুতে বার্সেলোনার ক্লিনিক হাসপাতাল ও জন্মশহর রোসারিওর একটি চিকিৎসাকেন্দ্রে ১০ লাখ ইউরো দান করেছিলেন মেসি। ক্যারিয়ারের সুবর্ণ সময় বার্সেলোনায় কাটালেও মানবিক বিচারে প্রতিদ্বন্দ্বী শহর বা ক্লাবকে কখনো আলাদা করে দেখেননি এই ফরোয়ার্ড, যার প্রমাণ মিলল এবারও।