বিনোদন

দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে শীর্ষস্থান ধরে রাখল ‘হোপ’

২৭ জুলাই ২০২৬
দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে শীর্ষস্থান ধরে রাখল ‘হোপ’
দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে বড় বাজেটের সায়েন্স-ফিকশন ছবি ‘হোপ’ শীর্ষস্থান ধরে রাখলেও সামগ্রিক বাজারের আয় কমেছে।

দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে আধিপত্য ধরে রেখেছে সায়েন্স-ফিকশন থ্রিলার চলচ্চিত্র ‘হোপ’। গত ২৪ থেকে ২৬ জুলাইয়ের সাপ্তাহিক হিসাবে ছবিটি দেশটির মোট বক্স অফিস আয়ের ৬৬.৮ শতাংশ একাই নিজেদের দখলে রেখেছে। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের ট্র্যাকিং সেবা কোবিসের তথ্য অনুযায়ী, এই তিন দিনে ছবিটির আয় হয়েছে ৫৫ লাখ মার্কিন ডলার এবং এটি দেখেছেন ৭ লাখ ৬৭ হাজার ৩৬৬ জন দর্শক।

না হং-জিন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন হাওয়াং জং-মিন, জো ইন-সং, জং হো-ইয়ন, মাইকেল ফাসবেন্ডার এবং অ্যালিসিয়া ভিকান্দারের মতো তারকা অভিনয়শিল্পীরা। একটি বিচ্ছিন্ন বন্দরনগরীর উপকণ্ঠে রহস্যময় ভিনগ্রহের প্রাণীর উপস্থিতির পর স্থানীয় বাসিন্দাদের বেঁচে থাকার মরিয়া সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। মুক্তির পর থেকে এ পর্যন্ত ছবিটি ৩৪ লাখ ১৫ হাজার ৭০৭ জন দর্শক দেখেছে এবং মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৫৩ লাখ ডলারে।

সাপ্তাহিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’, যা ৭ লাখ ৯৩,১০৩ ডলার আয় করেছে। ৩য় স্থানে থাকা ডিস্নির লাইভ-অ্যাকশন মিউজিক্যাল ‘মোয়ানা’ আয় করেছে ৫ লাখ ৯৩,১৮৭ ডলার। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘টয় স্টোরি ৫’ এবং ‘ডেভিড’।

সাপ্তাহিক হিসাবে দক্ষিণ কোরিয়ার পুরো সিনেমা বাজারের আয় আগের সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে। গত সপ্তাহে যেখানে মোট আয় ছিল ১ কোটি ৭১ লাখ ডলার, তা কমে ৮২ লাখ ডলারে নেমে এসেছে। তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা অন্য ছবিগুলো হলো ‘দ্য আইজ’, ‘ড্রিম অ্যানিম্যালস দ্য মুভি’, ‘মার্টি সুপ্রিম’, ‘কলোনি’ এবং ‘হোকাম’।

বক্স অফিসদক্ষিণ কোরিয়াহোপচলচ্চিত্র