দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুনে নিহত ৬ বাংলাদেশি, পাঁচজনই নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) এলাকার একটি সুপারশপে অগ্নিকাণ্ডে ছয়জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শ্রম এলাকার একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় ভেতরের প্রবাসীরা বের হতে না পেরে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে প্রাণ হারান।
নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায় এবং একজনের বাড়ি মুন্সিগঞ্জে। নিহত ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের মো. ফাহিম (২৯), মো. আপন (২৩) ও নুর মোহাম্মদ (৫৫), বক্তাবলী ইউনিয়নের মো. ফয়সাল (২৬) এবং কানাইনগর এলাকার মো. শাহিন (৩০)। এছাড়া মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার মো. রাজিক (৫৫) এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
স্বজনরা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ফাহিম দীর্ঘ ১১ বছর এবং আপন চার বছর ধরে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন। এ খবর পৌঁছানোর পর থেকে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে দক্ষিণ আফ্রিকার স্থানীয় প্রশাসনের সঙ্গে স্বজনরা যোগাযোগ অব্যাহত রেখেছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।