দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে অবস্থিত একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ইস্টার্ন কেপ প্রদেশের ওই ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীরা রাতে ভেতরের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতের দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন।
প্রাণ হারানো ব্যক্তিরা নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কয়েকজন প্রবাসী মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।