ত্রাবজোনস্পোরে যোগদানের ঠিক আগেই মিসরের আদালতে হাজির হওয়ার নির্দেশ সালাহকে

তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। কিন্তু এই মুহূর্তে তাঁকে মোকাবিলা করতে হবে একটি পুরোনো আইনি জটিলতার। মিসরের নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্সের দেওয়ানি বেঞ্চ বকেয়া আইনি ফি পরিশোধের মামলায় তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াবের দায়ের করা মামলায় আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর সালাহকে আদালতে উপস্থিত হতে হবে। আইনজীবী দাবি করেছেন, ২০১২ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সালাহর পক্ষে আইনি ও প্রশাসনিক কাজ করেছেন, কিন্তু বকেয়া ফি পাওয়া যায়নি। সালাহ এসব দাবি অস্বীকার করেছেন।
সত্যতা যাচাইয়ের জন্য আদালত সালাহকে শপথ নেওয়ার আদেশ দিয়েছেন। যদি তিনি উপযুক্ত কারণ ছাড়া শপথ গ্রহণে অস্বীকৃতি জানান, তবে তাঁকে দাবি মেনে নেওয়া বলে গণ্য করা হবে এবং রায় তাঁর বিরুদ্ধে যেতে পারে। বর্তমানে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় স্থগিত আছে।
এই মামলার সূত্রপাত ২০২৫ সালের সেপ্টেম্বরে। আইনজীবী আর্থিক ও মানসিক ক্ষতিপূরণও দাবি করেছেন। অন্যদিকে, ১৫ আগস্ট কাশিমপাশার বিপক্ষে ম্যাচ দিয়ে তুর্কি লিগে অভিষেক হতে পারে সালাহর। এরপর ৬ সেপ্টেম্বর গেনচলেরবিরলিগির বিপক্ষে ম্যাচের কথা থাকলেও ঠিক একই দিনে তাঁকে মিসরের আদালতে হাজির হতে হবে।