ত্রাণকর্মী হত্যায় ইসরায়েলের বিচারে অসম্মতি, ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বিমান হামলায় অস্ট্রেলীয় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম নিহত হওয়ার ঘটনায় কাউকে অভিযুক্ত বা বিচার না করার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
২০২৪ সালের এপ্রিলে গাজায় দায়িত্ব পালনের সময় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) কর্মী জোমি ফ্রাঙ্ককম এবং তার ছয় সহকর্মী ইসরায়েলি হামলায় প্রাণ হারান। হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, নির্ধারিত প্রক্রিয়া না মানা, ভুল শনাক্তকরণ এবং ভুল সিদ্ধান্তের কারণে ওই গাড়িবহরে হামলা চালানো হয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত কাঙ্ক্ষিত জবাবদিহিতার ধারেকাছেও নেই। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত হিলেল নিউম্যানকে তলব করার কথা জানান তিনি। একই সঙ্গে ইসরায়েলে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকেও দেশটির সরকারের কাছে ক্যানবেরার কড়া বার্তা সরাসরি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পেনি ওং জানান, জোমি ফ্রাঙ্ককম এবং তার সহকর্মীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে অস্ট্রেলিয়া ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রাখবে এবং পরবর্তী পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে।