ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুব উল্লাহ জাতীয় অধ্যাপক নিযুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুব উল্লাহকে ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে মনোনীত করেছে সরকার। আগামী পাঁচ বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় অধ্যাপক পদে অধিষ্ঠিত থাকলেও তিনি সরকারি কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না। তবে তিনি নিজের পছন্দ অনুযায়ী যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা কেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে গবেষণা কাজ চালাতে পারবেন। তাঁর পছন্দের গবেষণার বিষয়বস্তু সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে আগে থেকেই অবহিত করতে হবে।
এছাড়া, নিজের গবেষণার বার্ষিক অগ্রগতির প্রতিবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, যা পরে ইউজিসি চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। দায়িত্ব পালনকালে মাহবুব উল্লাহ জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী নির্ধারিত ৭৮ হাজার টাকা মূল বেতন ও আনুষঙ্গিক অন্যান্য সুবিধা পাবেন। তবে এই পদে বহাল থাকাকালে অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে তিনি নিয়োজিত হতে পারবেন না।