ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকের সাহিত্যচর্চা ও হল বার্ষিকীর কথা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তনের সময়ে শিক্ষার্থীদের সাহিত্য সাধনার চিত্র ফুটে ওঠে তখনকার প্রকাশিত বিভিন্ন বার্ষিকীতে। তৎকালীন ছাত্র-ছাত্রীদের নিয়মিত সাহিত্যচর্চার অন্যতম মাধ্যম ছিল ঢাকা হল থেকে প্রকাশিত ‘শতদল’ বার্ষিকী।
‘শতদল’ ছাড়াও জগন্নাথ হল থেকে ‘বাসন্তীকা’ এবং ছাত্রী প্রতিনিধিদের উদ্যোগে ‘সুপর্ণা’ নামের সাহিত্যপত্র প্রকাশিত হতো। এসব বার্ষিকী সাধারণত নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের পরিচালনায় সম্পাদিত হতো। এর বাইরে ঢাকাকেন্দ্রিক মুসলিম সাহিত্য সমাজের পত্রিকা ‘শিখা’তেও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রগতিশীল শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পেত।
হলভিত্তিক এসব সাহিত্য বার্ষিকী প্রকাশের ধারাটি প্রথম চালু করেন জগন্নাথ হলের প্রথম প্রভোস্ট ডক্টর নরেশচন্দ্র সেনগুপ্ত। তাঁর সংসূচিত এই পদক্ষেপ অনুসরণ করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোও নিজস্ব বার্ষিকী প্রকাশ শুরু করে।