ড্রোন আমদানিতে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসালেন ট্রাম্প

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানোর লক্ষ্যে বিদেশ থেকে ড্রোন ও এর যন্ত্রাংশ আমদানিতে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে তিনি স্বাক্ষর করেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল ড্রোনগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। বিশেষ করে ২৫ কেজি বা তার চেয়ে বেশি ওজনের ড্রোন, থার্মাল ইমেজিং সুবিধাযুক্ত ড্রোন এবং এগুলোর ডকিং স্টেশন ও মূল যন্ত্রাংশ এই শুল্কের আওতায় পড়বে। তবে কম সংবেদনশীল ও ছোট আকারের ড্রোনের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।
কিছু বন্ধুভাবাপন্ন দেশের জন্য শুল্কের হারে শিথিলতা রাখা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, লিচটেনস্টাইন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড এবং তাইওয়ান থেকে আসা ড্রোনের ওপর ১৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের ক্ষেত্রে এই হার ১০ শতাংশ, তবে শর্ত থাকে যে ড্রোনগুলোর হার্ডওয়্যার ও সফটওয়্যার সংশ্লিষ্ট দেশ বা যুক্তরাষ্ট্রের তৈরি হতে হবে।
ঘোষণাপত্র স্বাক্ষরের ২১ দিন পর নতুন এই শুল্কের বেশিরভাগই কার্যকর হতে যাচ্ছে। অন্যদিকে যেসব যন্ত্রাংশ খুব বেশি স্পর্শকাতর নয়, সেগুলোর শুল্ক ১৮০ দিন পর থেকে প্রযোজ্য হবে। হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রে স্থানীয় পর্যায়ে ড্রোন শিল্প গড়ে তোলা এবং বিদেশী উৎসের ওপর নির্ভরতা কমানোই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।