ডিএমপি কনস্টেবল হুমায়ুন হত্যায় স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট

পুরান ঢাকায় পুলিশ কনস্টেবল হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের জলকামান চালক ও কনস্টেবল হুমায়ুন কবীর একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। পুলিশি তদন্তে উঠে এসেছে, এই ঘটনার নেপথ্যে মূল পরিকল্পনা ছিল তাঁরই স্ত্রীর।
২০২৫ সালের ২৮ এপ্রিল পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকায় নিজের বাড়ির সীমানার বাইরে থেকে হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে নিবিড় তদন্তের পর এটি যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিশ্চিত হয় আইনশৃঙখলা বাহিনী।
মামলাটির তদন্ত শেষে চলতি বছরের মার্চ মাসে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন নিহত কনস্টেবলের স্ত্রীসহ মোট ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিটটি দাখিল করেন।