ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে মার্কিন বিনিয়োগ চান শিল্পমন্ত্রী

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এই লক্ষ্য অর্জনে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে আগ্রহী। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করতে যেসব সমস্যার শিকার হচ্ছে, তা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ট্রেড পলিসি, এক্সপোর্ট পলিসি, ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্সসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
শিল্পমন্ত্রী জানান, জুট, লেদার, শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং খাতে রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে। এসব খাতকে মাল্টি-বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো আগামী মাসে প্রকাশ্যে ঘোষণা করা হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু হবে।
ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ হিসেবে জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা, ব্যবসাবান্ধব নীতি গ্রহণ এবং ব্যাংকিং খাতে উদারীকরণের কথা জানান শিল্পমন্ত্রী। এর ফলে আইটি কোম্পানি ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল ও পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ আরও সহজ হবে। ট্রেড লাইসেন্সের জটিলতা দূর করতে আগামীতে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে আবেদন ও লাইসেন্স ডাউনলোডের ব্যবস্থা করা হবে।
বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৩৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার নিশা বিসওয়াল। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।