ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের শুনানি পিছাল

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে নিহত ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আদালত আগামী ১ সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির কথা ছিল। এ দিন কারাবন্দী ছয় আসামিকে আদালতে উপস্থিত করা হয়। তবে জামিনে থাকা তিন আসামি অন্য মামলায় কারাগারে থাকলেও তাঁদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। এই কারণে বিচারক শুনানি পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে মারা যান ট্রাকচালক হোসেন। এ সময় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুই ব্যক্তি আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর পুলিশ আদালতে হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।