ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা ও উসকানি দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে ২৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তদের মধ্যে ২ জন সাংবাদিক এবং ২৫ জন নাট্য ও অভিনয়শিল্পী রয়েছেন। রোববার 'রাষ্ট্রসংলাপ ফোরাম' নামের একটি সংগঠনের পক্ষে এই আবেদন করা হয়।
অভিযোগে যে দুই সাংবাদিকের নাম রয়েছে তারা হলেন আনিস আলমগীর ও সোমা ইসলাম। অভিনয়শিল্পীদের মধ্যে কারাবন্দী সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ছাড়াও রয়েছেন মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা মোবিন মেহেদী এবং হিরো আলম।
চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে সরাসরি প্ররোচনা ও সহায়তা দিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগপত্রটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবেদনটি এখনও বিস্তারিত পড়ে দেখা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে লিখিত অভিযোগটি শিগগিরই তদন্ত সংস্থায় পাঠানো হবে।