টাঙ্গাইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লিচিকিৎসক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসান মিয়া নামের এক পল্লিচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক পল্লিচিকিৎসককে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম হাসান মিয়া (২৯)। গতকাল শনিবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার ও শিশুর পরিবারের কথা থেকে জানা যায়, শনিবার দুপুরের দিকে শিশুটি তাদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় হাসান মিয়া শিশুটিকে ডেকে নিজ ঘরে নিয়ে গিয়ে নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া পল্লিচিকিৎসককে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।