রাজনীতি

জ্বালানি খাতে টেকসই উদ্যোগের দাবি ইসলামী আন্দোলনের

১ আগস্ট ২০২৬
জ্বালানি খাতে টেকসই উদ্যোগের দাবি ইসলামী আন্দোলনের
জ্বালানির দাম না বাড়িয়ে টেকসই পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখা।

জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পরিহার করে সরকারকে দীর্ঘমেয়াদি ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি সতর্ক করে বলেন, বিদ্যুৎ উৎপাদন ও সিএনজির প্রস্তাবিত মূল্যবৃদ্ধি জনজীবনে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দেবে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে আল-ইসহাক অডিটোরিয়ামে আয়োজিত দলের ‘নগর সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বক্তারা বলেন, বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দর প্রতি ঘনমিটারে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং সিএনজির দর ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার পরিকল্পনা করা হচ্ছে। বারবার জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ মূল্যস্ফীতির শিকার হচ্ছে। রাষ্ট্রকে জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি দিয়ে জনবান্ধব ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে, যা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হবে।

চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আল মুহাম্মদ ইকবালের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজীসহ দায়িত্বশীল নেতারা। অনুষ্ঠান শেষে ২০২৭-২০২৮ সেশনের নতুন মহানগর কমিটি প্রকাশ করা হয়, যেখানে মুহাম্মদ জান্নাতুল ইসলাম সভাপতি ও আল মুহাম্মদ ইকবাল সেক্রেটারি নির্বাচিত হন।

ইসলামী আন্দোলন বাংলাদেশজ্বালানি মূল্যবৃদ্ধিচট্টগ্রামমূল্যস্ফীতি