জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ মডেল মিষ্টি সুবাসকে

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্লোগান দিয়ে আলোচনায় আসা মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে জুলাই গণঅভ্যুত্থানকালীন একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী হিসেবে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ৩ অক্টোবর রুহুল আমীন বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ৩ আগস্ট মিষ্টি সুবাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক শফিউল আলম সোহাগ।
আদালতে হাজির করার সময় মিষ্টি সুবাস গণমাধ্যমকে বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, কেবল বঙ্গবন্ধুকে ভালোবাসেন। অসুস্থ বাবার কথা উল্লেখ করে তিনি জামিনের আকুতি জানান। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট ৪টি মামলা হয়েছে, যার মধ্যে ৩টিতেই তিনি জামিন পেয়েছেন।