জুলাই সনদের আলোকেই নতুন রাষ্ট্রপতি চান ইসলামী আন্দোলন

গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ দাবি তোলেন।
তিনি বলেন, দেশে নতুন বন্দোবস্তের প্রত্যাশায় জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই আকাঙ্ক্ষার কিছুটা প্রতিফলিত হয়েছে জুলাই সনদে। সেখানে রাষ্ট্রপতি নিয়োগের যেসব বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছেন, সেগুলোর ওপর ভিত্তি করেই নতুন রাষ্ট্রপ্রধান বেছে নিতে হবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব স্পষ্ট করে বলেন, সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে পুরোনো নিয়মে রাষ্ট্রপতি নির্বাচিত করলে তা আত্মোৎসর্গ করা রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তাই প্রয়োজনে পরবর্তী অধিবেশনের শুরুতেই সংবিধান সংশোধন করে তার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করার আহ্বান জানান তিনি।
জেলা সভাপতি হাওলাদার সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন। সম্মেলন থেকে কাজী গোলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া ও আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর আই এম অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন লিটনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়।