জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট: জাবি ছাত্রকে পুলিশে দিলো প্রশাসন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শারাফাত শারিক (রোহান) প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের ছাত্র।
প্রক্টর কার্যালয় ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, ফেসবুকে নিজের আইডিতে দুটি পোস্ট দিয়ে জুলাই আন্দোলনকারীদের বিষয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে শারাফাত শারিকের বিরুদ্ধে। বিষয়টিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট হল সংসদের নেতারা তাঁকে আটক ও জিজ্ঞাসাবাদ করার পর প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা সেখানে সমবেত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আশুলিয়া থানা-পুলিশের নিকট হস্তান্তর করে।
আটক থাকা অবস্থায় শারাফাত শারিক দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং কারো দ্বারা প্রভাবিত হয়ে পোস্ট দেননি। তিনি জানান, মুক্তিযুদ্ধ সম্পর্কিত নিজের মতামত প্রকাশ করতে গিয়ে শব্দের ব্যবহারে ভুল হয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কোনো উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা তাঁর লক্ষ্য ছিল না। তবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী হলেও ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুস ছাত্তার জানান, জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ওই শিক্ষার্থীকে আশুলিয়া থানায় দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে।