জুলাই অভ্যুত্থান ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের ফল: চট্টগ্রামে বিএনপি

জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরের জামিয়াতুল ফালাহ মাঠে সমাবেশ শেষে বের হওয়া র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এটি ছিল স্বৈরাচারবিরোধী রাজনৈতিক লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার রক্ষার জন্য বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক পরিণতি। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের দমন-পীড়ন ও জনগণের জমে থাকা ক্ষোভ থেকেই এই ঐতিহাসিক অভ্যুত্থানের জন্ম হয়েছে।