জাপানের শপিং মলে ভূমিকম্পের পর বিস্ফোরণ, একাধিক মৃত্যু

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরে শক্তিশালী ভূমিকম্পের পর একটি বড় শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা ঘটেছে। সিএনএনের সহযোগী গণমাধ্যম টিভি আসাহি পুলিশের বরাতে জানিয়েছে, এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কতজনের মৃত্যু হয়েছে বা নিহতরা শপিং মলের কর্মী নাকি ক্রেতা। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ‘ইওন মল কুমামোতো’ নামের ওই বিক্রয়কেন্দ্রের ২০ থেকে ৩০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ধসে পড়া অংশের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ভূমিকম্পের পরপরই গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণের সৃষ্টি হতে পারে। সরকারি সূত্রের বরাতে টিভি আসাহি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মলের ভেতরে থাকা রেস্তোরাঁগুলোর গ্যাসের লাইনে ক্ষয়ক্ষতি হয়। সেখান থেকে নির্গত গ্যাস কোনো কারণে আগুনের সংস্পর্শ পেয়ে বিস্ফোরিত হয়েছে।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।