জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার তীব্র ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে আজ মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, শক্তিশালী এই ভূকম্পনের পর প্রায় ১ মিটার (৩.৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি অঞ্চলের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বুলেট ট্রেন শিনকানসেনসহ সংশ্লিষ্ট রুটের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু।
তবে ভূমিকম্প হলেও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সেনদাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের ক্ষতি বা অস্বাভাবিকতা দেখা দেয়নি।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা 'রিং অব ফায়ার'-এর ওপর অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি করে ভূকম্পন রেকর্ড হয়। তাছাড়া বিশ্বজুড়ে সংঘটিত ৬ বা তার বেশি মাত্রার মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই ঘটে জাপানে।