জর্ডানে গ্রেপ্তার নারী ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা

জর্ডানের রাজধানী আম্মানে এক নারী ভিক্ষুককে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দেশটির সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানায়, বাণিজ্যিক এলাকা থেকে আটক ওই নারীর কাছে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার পাওয়া যায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ লাখ টাকার সমপরিমাণ।
দেশটির সরকারি বার্তা সংস্থা পেত্রা প্রকাশিত সংবাদ অনুযায়ী, সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী শাখা ও জননিরাপত্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ওই নারীকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া নারী নিয়মিত ভিক্ষা করতেন এবং সেখান থেকে পাওয়া অর্থ জমিয়ে পরবর্তীতে তা বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে রাখতেন। তবে ওই নারী কত দিন ধরে এই কাজ করছিলেন বা তিনি কোন দেশের নাগরিক, সে তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
আটক নারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে তাঁকে বিচারিক সংস্থায় পাঠানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় নাগরিকদের সরাসরি রাস্তায় কাউকে অর্থ না দিয়ে নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠানে দান করার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে অসুস্থতা বা দারিদ্র্যের অজুহাত দেখানো ভুয়া ভিক্ষুকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।