জয়পুরহাটে তুলে নিয়ে দুই যুবককে নির্যাতন, নিহত ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে দুই যুবককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর সরদারপাড়ার পদ্মপুকুর সেতুর কাছে একটি কাঁচা রাস্তা থেকে তাঁদের উদ্ধার করা হয়। এতে মো. বাদশা (২৫) নামে এক যুবক মারা গেছেন এবং মাজেদুল ইসলাম (১৮) নামের অপর যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহত বাদশা উপজেলার নলপুকুর আদর্শ গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং আহত মাজেদুল একই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে কয়েকজন কৃষক মাছ ধরতে যাওয়ার পথে দুই যুবককে নিথর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। জখম হওয়া মাজেদুল জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জের একটি পেট্রল পাম্পের কাছ থেকে তাঁদের জোরপূর্বক তুলে নেওয়া হয়। প্রথমে একটি ঘরে আটকে রেখে গভীর রাতে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।
মাজেদুলের ভাষ্যমতে, পার্শ্ববর্তী এলাকার ৯ জন লোক তাঁদের বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। ভোরে স্থানীয়দের ডাকে চেতনা ফিরলে পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তিনি হামলাকারীদের নাম না জানলেও মুখ দেখে শনাক্ত করতে পারবেন বলে জানান।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।