জবিতে ইউজিসি চেয়ারম্যানের অনুষ্ঠানে হামলা, শিক্ষকসহ আহত অন্তত ১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ কয়েকটি দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনের সময় জকসু প্রতিনিধি, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।
জকসু সূত্র জানায়, শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরতে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে মিলনায়তনে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহায়তায় তাদের বাধা দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও তার অনুসারীরা। একপর্যায়ে জকসু প্রতিনিধিদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং মারধর শুরু হয়। পরিস্থিতি সামলাতে এগিয়ে গিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানও ধাক্কাধাক্কির শিকার হন।
হামলায় জকসু জিএস ও শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া এবং জকসু সদস্য আব্দুল্লাহ ফারুকসহ বেশ কয়েকজন আহত হন। জকসু এজিএস মাসুদ রানা জানান, দ্বিতীয় দফায় ভিসির সামনেও হামলা চালানো হয় এবং হামলায় আব্দুল্লাহ ফারুকের পা ভেঙে যায়। এ ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, হামলা শেষে ছেঁড়া প্ল্যাকার্ড হাতে মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে বক্তব্য জানার জন্য ছাত্রদল নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।