জনদুর্ভোগ ঢাকতেই সারা দেশে ছাত্রদলের হামলা: শিবির সভাপতি

বর্তমান সরকারের পাঁচ মাসের শাসনকালে তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক অস্থিরতার মতো জনদুর্ভোগ থেকে দেশবাসীর নজর সরাতে ছাত্রদল ও যুবদলকে লেলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবারের বিভিন্ন সহিংসতার ঘটনা নিয়ে রাত সাড়ে ৯টায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে শিবির সভাপতি দাবি করেন, দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল ও যুবদলের ক্যাডারদের মাধ্যমে সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে গেলে চাঁদাবাজি ও কমিশন ভাগাভাগি করা যাবে না বলেই ছাত্রদল শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে। এ ছাড়া ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা এবং ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় জাকসু নেতাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
নূরুল ইসলাম আরও অভিযোগ করেন, সরকারঘনিষ্ঠ উচ্চ মহলের উসকানিতেই এই ধারাবাহিক হামলা ঘটছে এবং প্রশাসনের নীরবতা অপরাধীদের বেপরোয়া করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি করে মসনদে টিকে থাকা সম্ভব নয়। পূর্বে আইনি পদক্ষেপ নিয়ে কোনো ফল না পাওয়ায় এবার মামলা করেননি জানিয়ে, ঘটনার সুষ্ঠু প্রশাসনিক তদন্তের দাবি জানান তিনি।
হামলার প্রতিবাদে বুধবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র-গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।