বিনোদন

ছবি থেকে বাদ একাধিক নগ্ন দৃশ্য, কারণ জানালেন পরিচালক উইল গ্লাক

৭ আগস্ট ২০২৬
ছবি থেকে বাদ একাধিক নগ্ন দৃশ্য, কারণ জানালেন পরিচালক উইল গ্লাক
পর্দায় নগ্নতা নিয়ে দর্শকদের অস্বস্তির কারণে নতুন সিনেমা 'ওয়ান নাইট অনলি' থেকে অনেক দৃশ্য বাদ দিয়েছেন পরিচালক উইল গ্লাক।

প্রেক্ষাগৃহে যৌথভাবে ছবি দেখার সময় পর্দায় নগ্নতা বা অতিরিক্ত অন্তরঙ্গ দৃশ্য দেখে অনেক দর্শকই অস্বস্তিতে পড়েন। দর্শকদের এই মানসিকতার কথা মাথায় রেখে নিজের নতুন রোমান্টিক কমেডি ছবি 'ওয়ান নাইট অনলি' থেকে অনেক নগ্ন দৃশ্য কেটে বাদ দিয়েছেন পরিচালক উইল গ্লাক। সম্প্রতি বিনোদনবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

নতুন এই চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে নিউ ইয়র্ক শহরকে কেন্দ্র করে, যেখানে বছরে মাত্র এক রাতের জন্য বিবাহপূর্ব শারীরিক সম্পর্ককে বৈধতা দেওয়া হয়। ওই ১২ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া নানা এলোমেলো ঘটনা নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনিকা বারবারো ও ক্যালাম টার্নার। সিনেমাটির চিত্রগ্রহণের সময় রাস্তায় বেশ কিছু নগ্ন দৃশ্য শুট করা হলেও পরবর্তীতে সম্পাদনার টেবিলে সেগুলোর বেশিরভাগই বাদ দেওয়া হয়।

পরিচালক উইল গ্লাক জানান, এটি শুধু কোনো নির্দিষ্ট প্রজন্মের বিষয় নয়, বরং সামাজিকভাবেই এটি পরিবর্তন হয়েছে। মানুষ এখন মোবাইল ফোনে ব্যক্তিগতভাবে এসব দৃশ্য দেখতে অভ্যস্ত। ফলে সিনেমা হলে সবার সামনে এমন দৃশ্য দেখলে দর্শকরা অস্বস্তি বোধ করেন এবং মূল গল্প থেকে তাদের মনোযোগ সরে যায়। সাধারণ দর্শকদের ওপর পরীক্ষা চালিয়ে এমন প্রতিক্রিয়া দেখার পরেই দৃশ্যগুলো ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে 'ইজি এ' এবং ২০২৩ সালের ব্যবসাসফল ছবি 'এনিওয়ান বাট ইউ' পরিচালনা করে জনপ্রিয়তা পান গ্লাক। তিনি আরও জানান, সিনেমাটির অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় একজন 'ইন্টিমেসি কোঅর্ডিনেটর' রাখা হয়েছিল এবং ব্যাকগ্রাউন্ড দৃশ্যে চুম্বনের জন্য বাস্তব জীবনের নানা দম্পতিকে অভিনয়ে যুক্ত করা হয়েছিল।

উইল গ্লাকওয়ান নাইট অনলিহলিউডসিনেমা