চার সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশ
দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা চার সিটি করপোরেশন কর্মকর্তা গোপনে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন খবর পেয়ে তাঁদের দেশত্যাগ ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই কর্মকর্তারা যাতে দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
নিষেধাজ্ঞার আওতায় আসা কর্তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, বরিশাল সিটি করপোরেশনে বদলি হওয়া কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা। এর মধ্যে শাহীন-উল ইসলাম ও ফারজানা মুক্তা সম্পর্কে স্বামী-স্ত্রী। দুর্নীতি, অনিয়ম ও কমিশন বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকার বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।
গত ২৬ জুলাই স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামের স্বাক্ষরিত একটি ‘গোপনীয়’ চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এতে জানানো হয়, তদন্ত চলাকালে অভিযুক্তরা গোপনে দেশ ত্যাগ করতে পারেন বলে তদন্তকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন। সে কারণে কোনো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েই যেন তাঁরা দেশের বাইরে যেতে না পারেন, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। চিঠির সঙ্গে ওই চার কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ও পাসপোর্টের অনুলিপি সংযুক্ত করা হয়।