চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের মোট রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পণ্য খাতের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাতের জন্য ৮ দশমিক ২ বিলিয়ন ডলার।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এই তথ্য জানান। গত অর্থবছরের তুলনায় এবার মোট রপ্তানি লক্ষ্যমাত্রা ১০ কোটি ডলার কমেছে। তবে মন্ত্রী জানান, গত বছর লক্ষ্য অর্জিত হয়নি। গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে হয়েছে ৭ বিলিয়ন ডলার।
মন্ত্রী বলেন, গত দুই অর্থবছরে রপ্তানি আয়ে মন্দা পরিলক্ষিত হয়েছে। দক্ষিণ কোরিয়াসহ পাঁচ-ছয়টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও এ ধরনের চুক্তির আলোচনা শুরু হবে।
তিনি আরও জানান, তৈরি পোশাক খাত থেকে ৮০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য খাতে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে মোট আয় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর প্রচেষ্টা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ে মন্ত্রী বলেন, শুল্কের হারের কোনো পরিবর্তন হয়নি, আগের ১০ শতাংশ শুল্কই বহাল আছে। জ্বালানি সংকট নিয়ে তিনি জানান, দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর সুযোগ নেই এবং বর্তমানে ৯০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হচ্ছে। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিটি আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে।