চন্দনাইশে সাপের কামড়ে মৃত্যু ৪০ দিনের নববধূর

চট্টগ্রামের চন্দনাইশে ঘরের পাশে লাকড়ি আনতে গিয়ে সাপের কামড়ে মারা গেছেন বিয়ের মাত্র ৪০ দিন বয়সী রহিমা বেগম।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাপের কামড়ে রহিমা বেগম (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ময়নার বাপের পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।
রহিমার ভাশুর সেলিমুল্লাহ জানান, সন্ধ্যায় ঘরের পাশের স্তূপ থেকে লাকড়ি আনতে গিয়ে রহিমাকে সাপ কামড়ায়। তীব্র যন্ত্রণায় ভুগলে পরিবারের সদস্যরা তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপু মজুমদার জানান, রাত সাড়ে ৭টার দিকে রহিমাকে হাসপাতালে আনা হলেও পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। মাত্র ৪০ দিন আগে অহিদুল্লাহর সঙ্গে রহিমার বিয়ে হয়েছিল।