অপরাধ

চট্টগ্রামে দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল, শাস্তির দাবি

২৮ জুলাই ২০২৬
চট্টগ্রামে দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল, শাস্তির দাবি
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে দুটি কুকুর পিটিয়ে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন প্রাণী অধিকারকর্মীরা।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় প্রকাশ্যে দুটি কুকুর পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ২২ জুলাইয়ের এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিদয় ও রাফি নামের দুই যুবক জড়িত বলে দাবি করছেন প্রাণী অধিকারকর্মীরা। এ নিয়ে তারা থানা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, দুজন ব্যক্তি লাঠি দিয়ে একটি কুকুরকে নির্মমভাবে আঘাত করছেন এবং পাশে কয়েকজন দাঁড়িয়ে তা দেখছেন। ওই সময় পাশেই আরেকটি কুকুরের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাণী অধিকার সংস্থা ‘অ্যানিমেল রেসকিউ টিম চট্টগ্রাম’-এর প্রতিষ্ঠাতা নাহিয়ান নাকিব জানান, প্রাণিকল্যাণ আইন, ২০১৯ থাকা সত্ত্বেও প্রাথমিক প্রমাণ পেয়েও পুলিশ জড়িত ব্যক্তিদের আটক করেনি; বরং তাঁদের আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে চান্দগাঁও থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে কুকুরের মরদেহ পাননি তাঁরা। স্থানীয়দের দাবি, কুকুরগুলো শিশুদের কামড় দেওয়ায় ও হাঁস-মুরগি খেয়ে ফেলায় এই ঘটনা ঘটেছে। পিটিয়ে হত্যাকারীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত না করতে পেরে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর জানিয়েছেন, লিখিত আবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্তে কর্মকর্তাদের সরেজমিনে পাঠানো হয়েছে। পরিবেশকর্মী রিতু পারভীনসহ একাধিক অধিকারকর্মী এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চট্টগ্রামকুকুর হত্যাপ্রাণিকল্যাণ আইনচান্দগাঁও