চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, জুলাইয়ে আক্রান্ত ৪৫৭
চট্টগ্রাম নগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন ডেঙ্গু রোগী। সোমবার সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিহত নারী নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁকে নগরের পার্ক ভিউ হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডেঙ্গুর নানা জটিলতার পাশাপাশি ওই নারী উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
নতুন আক্রান্ত ২৭ জনের মধ্যে ১৬ জন চট্টগ্রাম নগরের, ১০ জন বিভিন্ন উপজেলার এবং একজন অন্য জেলার বাসিন্দা। ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেসরকারি হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে (সিএমএইচ) একজন করে ভর্তি হয়েছেন।
জেলায় চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৭ জনে। এ নিয়ে এ বছর জেলায় ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি ঘটল। এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং ১১ জুলাই দ্বিতীয় জন মারা যান। মৃতদের মধ্যে দুজন নগরীর এবং একজন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বসতবাড়ি ও আশেপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে সঠিক সময়ে চিকিৎসা নিলে আক্রান্ত ও ঝুঁকির হার কমানো সম্ভব বলে জানান তিনি।