চট্টগ্রাম বন্দর মোহনায় আটকে পড়া পণ্যবাহী জাহাজ ১২ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রাম বন্দরের সচল পথ ঝুঁকিমুক্ত রাখতে কর্ণফুলী নদীর মোহনায় আটকে যাওয়া ‘এমভি সিএনসি ইউরেনাস’ নামের একটি কনটেইনারবাহী জাহাজ ১২ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত দুইটার দিকে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী দল জাহাজটি সরিয়ে নিতে সক্ষম হয়।
এর আগে সোমবার বেলা ২টা ১৫ মিনিটে সমুদ্র থেকে বন্দরের জেটিতে আসার পথে স্টিয়ারিং বিকল হয়ে মোহনার একপাশে আটকে যায় জাহাজটি। বন্দরের প্রধান চলাচলের পথ বন্ধ হয়ে অচলাবস্থা তৈরির শঙ্কা দেখা দিলে দ্রুত জ্যেষ্ঠ পাইলটের নেতৃত্বে কান্ডারী-২, ৪, ৬, ১১ এবং নৌ ও কোস্টগার্ডের একাধিক টাগবোট নিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।
মাল্টার পতাকাবাহী এই জাহাজটিতে ১ হাজার ২৮২টি আমদানিকৃত কনটেইনার এবং ২৪ জন নাবিক রয়েছেন। জাহাজটির স্থানীয় প্রতিনিধি এপিএল (বাংলাদেশ)। সফল এই অভিযানের পর বন্দরের চলাচল পথ এখন পুরোপুরি বিপদমুক্ত রয়েছে।
উদ্ধার অভিযানের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, রাতভর যৌথ সমন্বয়ের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে জাহাজটি মুক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে এটি বহির্নোঙরে নিরাপদে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আবার জেটিতে আনার ব্যবস্থা করা হবে।