চট্টগ্রাম জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ, তেল ট্যাংকারের ইঞ্জিনকক্ষে ফাটল

চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি তেল ট্যাংকারের সঙ্গে নোঙর করে রাখা আরেকটি মালবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে ‘এমটি সি স্পাইক’ নামের তেলবাহী ট্যাংকারটির সঙ্গে ‘এমভি সান শাইন’ নামের বাল্ক ক্যারিয়ারের এ সংঘর্ষ হয়। এতে তেলবাহী জাহাজটির ইঞ্জিনকক্ষের এক পাশে ফাটল সৃষ্টি হয়ে ভেতরে পানি ঢুকে যায় এবং সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট ঘটে। তবে কার্গো ট্যাংক অক্ষত থাকায় কোনো তেল সাগরে ছড়িয়ে পড়েনি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সাগরের তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে। সংঘর্ষে ট্যাংকারটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের অংশে প্রায় এক বর্গমিটার ফাটল ধরেছে। জরুরি ব্যাটারির মাধ্যমে বেতার যোগাযোগ সচল রাখার পাশাপাশি জাহাজটিকে স্থির রাখতে দুটি নোঙর ফেলা হয়েছে।
ঘটনার পর বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী টাগবোট ‘কান্ডারি-৮’-এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতায় যুক্ত হয়। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক আছে। দ্রুত জ্বালানি তেল খালাস এবং ফাটল মেরামতের জন্য সংশ্লিষ্ট শিপিং এজেন্ট ও একটি উদ্ধারকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।