চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৮

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন যাত্রী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে মহাসড়কের খুটাখালী নয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা 'লাল সবুজ পরিবহন'-এর একটি বাসের সঙ্গে ঈদগাঁও থেকে চকরিয়াগামী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি একদম দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা সবাই আঘাত পান। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন— ঈদগাঁও উপজেলার মোহাম্মদ রফিক (২৮) ও মো. জিয়াবুল হক (২৫), চকরিয়ার সেগুনবাগিচা গ্রামের মো. জসিম উদ্দিন (২৫) এবং ফুলছড়ি শিয়াপাড়ার মো. শাহেদ (২৭)।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, আইনি কার্যক্রম শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।