জাতীয়

গ্রামে লোডশেডিংয়ের পর এবার ঢাকায় রাতভর বিদ্যুৎ বিভ্রাট

১২ আগস্ট ২০২৬
গ্রামে লোডশেডিংয়ের পর এবার ঢাকায় রাতভর বিদ্যুৎ বিভ্রাট
চাহিদার বিপরীতে পর্যাপ্ত উৎপাদন না থাকায় মফস্বলের পর এবার রাজধানী ঢাকাতেও গভীর রাতে শুরু হয়েছে দীর্ঘ লোডশেডিং।

গ্রাম ও মফস্বল অঞ্চলের পর এবার রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় টানা এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে। চরম গরমের মধ্যে গভীর রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বিদ্যুৎহীন অবস্থায় বাসাবাড়ির ফ্যান ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ হয়ে পড়ায় গভীর রাতে ঘুম ভেঙে যায় অনেকের। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। আজিমপুরের এক বাসিন্দা জানান, রাত দেড়টার দিকে বিদ্যুৎ গিয়ে ফেরে এক ঘণ্টারও বেশি সময় পর। একইভাবে শহরের একাধিক এলাকার বাসিন্দারা মধ্যরাতে বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্যানুযায়ী, ১২ আগস্ট দুপুর ১২টায় দেশে ১৪ হাজার ৬৩৫ মেগাওয়াট এবং রাত ৯টায় ১৬ হাজার ৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর মধ্যে আদানি থেকে দুপুরে ৯৩১ মেগাওয়াট ও রাতে ১ হাজার ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ আসে। তবে দেশজুড়ে ১৮ হাজার মেগাওয়াটের বেশি চাহিদা থাকায় রাতে ২ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং দিতে হয়েছে।

বিদ্যুৎ সংকটলোডশেডিংঢাকাপাওয়ার গ্রিড