গ্যাস না পেয়ে চট্টগ্রামে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ শুক্রবার সকাল প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে। সেখানকার ফসিল ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকেরা সড়কে অবস্থান নেন।
চালকদের অভিযোগ, এক দিনের বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তাঁরা গ্যাস পাচ্ছেন না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষও গ্যাস সরবরাহ চালুর সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারছে না। মোহাম্মদ হানিফ নামে এক চালক জানান, ২৪ ঘণ্টার বেশি সময় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকেও গ্যাস মেলেনি। ফলে গাড়ি চালাতে না পেরে পরিবার চালানো নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, মূল সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের করার কিছু নেই।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো সড়ক অবরোধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।