গোপালগঞ্জে পদত্যাগ করলেন আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের ৪১ জন নেতা-কর্মী দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার রাত আটটার দিকে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর উপজেলা কমিটির সহসভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান (ফরিদ) মুন্সী।
সংবাদ সম্মেলনে ফরিদ মুন্সী জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁরা স্বেচ্ছায় দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গত ৩ আগস্ট থেকেই আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাঁরা আর যুক্ত থাকবেন না বলেও সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়। এই পদত্যাগের সিদ্ধান্তকে সবাই যাতে সম্মানের সঙ্গে গ্রহণ করেন, সেই অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও দলীয় সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে পদত্যাগের পর নতুন কোনো রাজনৈতিক দলে যোগদান কিংবা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে তাঁরা কোনো মন্তব্য করেননি। পদত্যাগকারী নেতাদের মধ্যে মফিজুর রহমান ছাড়াও সাইদুল ইসলাম, আবু জারা কাজী, কামরুল মুন্সী, মানিক মুন্সী, আসাদুজ্জামানসহ মোট ৪১ জন স্থানীয় নেতা-কর্মী রয়েছেন।