গৃহযুদ্ধের অপরাধে সাবেক সিরীয় প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ায় গৃহযুদ্ধকালে সংঘটিত অপরাধের দায়ে সাবেক প্রেসিডেন্ট বশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বশার আল-আসাদ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। গৃহযুদ্ধের সময় সংঘটিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের এ সাজা দেওয়া হয়।
মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত বিচার প্রক্রিয়া শেষে এই রায় দেন। বিচারে সাবেক প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্যদিকে আতেফ নাজিবের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, ২০১১ সালে দারা প্রদেশে আসাদ সরকারের সংঘটিত এসব অপরাধ মানবতাবিরোধী অপরাধের শামিল।