গুলশানে গোপন বৈঠকে গ্রেফতার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশান থানার পুলিশ প্লাজার পঞ্চম তলার ওই রেস্তোরাঁ থেকে তাদের আটক করে।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজায় অভিযান চালানো হয়। তিনি বলেন, গোপন বৈঠক শেষে রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল তাদের। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।